সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৪ জুন ২০২৬ ১১:৫৩ পূর্বাহ্ণ   |   ২৯ বার পঠিত
সাপাহার সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি

নওগাঁ প্রতিনিধি

 

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি।
 

বুধবার ভোর ৪টা ১০ মিনিটের দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন আদাতলা বিওপির সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
 

বিজিবি সূত্র জানায়, সীমান্তের ২৪৪/এমপি পিলার এলাকা দিয়ে ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৯ জনকে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। পুশইনের শিকার ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও তিনজন শিশু রয়েছে।
 

খবর পেয়ে আদাতলা বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তের শূন্য লাইনের মধ্যে ওই ব্যক্তিদের অবস্থান করতে দেখে। পরে বিজিবি তাদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা দেয়।
 

নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম বলেন, ঘটনাটি জানার পরপরই বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। বর্তমানে সংশ্লিষ্ট ব্যক্তিরা সীমান্তের শূন্য লাইনের মধ্যে অবস্থান করছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
 

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। পুশইনের অভিযোগের বিষয়ে সীমান্তরক্ষী বাহিনী ও কূটনৈতিক পর্যায়ে প্রয়োজনীয় যোগাযোগ অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।