নওগাঁর মান্দায় সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৪ মে ২০২৬ ০২:০৫ অপরাহ্ণ   |   ৪৪ বার পঠিত
নওগাঁর মান্দায় সরকারি ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নাজমুল হক, নওগাঁ জেলা প্রতিনিধি:


নওগাঁর মান্দা উপজেলায় উৎসবমুখর পরিবেশে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান, চাল ও গম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সরকার নির্ধারিত মূল্যে এবার প্রতি মণ ধান ও গম ১ হাজার ৪৪০ টাকা এবং প্রতি মণ চাল ১ হাজার ৯৬০ টাকা দরে কেনা হচ্ছে। এতে কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় উপজেলার প্রসাদপুর খাদ্য গুদাম (এলএসডি) প্রাঙ্গণে ফিতা কেটে এ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, কৃষকরা কোনো ধরনের হয়রানি ছাড়াই মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ধান বিক্রি করতে পারবেন। স্বচ্ছতা ও সহজ প্রক্রিয়ার মাধ্যমে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ নিশ্চিত করা হবে।

 

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে মান্দা উপজেলায় মোট ২ হাজার ৭১ মেট্রিক টন ধান, ২৬৭ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ২০৯ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

সরকার নির্ধারিত দরে প্রতি কেজি ধান ও গম ৩৬ টাকা হিসেবে প্রতি মণ ধান ও গমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৪০ টাকা। এছাড়া প্রতি কেজি চাল ৪৯ টাকা হিসেবে প্রতি মণ চালের মূল্য ধরা হয়েছে ১ হাজার ৯৬০ টাকা।

 

উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ জানিয়েছে, আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোছা. সাবরিন মোস্তারী, মান্দা থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম, প্রসাদপুর খাদ্য গুদামের পরিদর্শক মো. ইমরান হোসেন, মিল মালিক সমিতির মান্দা উপজেলা শাখার সভাপতি মো. ফরহাদ হোসেন চকদার, সাধারণ সম্পাদক সামছুল আলম হেলালসহ খাদ্য বিভাগের কর্মকর্তা, মিল মালিক ও স্থানীয় কৃষকরা।