পুলিশের ধাওয়ায় পুকুরে মাইক্রোবাস, উদ্ধার ৯ বস্তা গাঁজা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৮ আগu ২০২৬ ০৫:৩৭ অপরাহ্ণ   |   ৮০ বার পঠিত
পুলিশের ধাওয়ায় পুকুরে মাইক্রোবাস, উদ্ধার ৯ বস্তা গাঁজা


 

কাজী মো: বাছির (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:


 

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশের ধাওয়ার মুখে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাঁজাবাহী মাইক্রোবাস পুকুরে পড়ে গেছে। পরে ওই মাইক্রোবাস থেকে ৯ বস্তা গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে গাড়িতে থাকা চালক ও মাদক কারবারিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।
 

শুক্রবার সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে মাইক্রোবাস ও উদ্ধার করা গাঁজা জব্দ করে থানায় নিয়ে যায় পুলিশ।
 

পুলিশ সূত্রে জানা গেছে, বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে সৈয়দাবাদ-নয়নপুর সড়কে অভিযান চালায় কসবা থানা-পুলিশ। এ সময় একটি কালো রঙের মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সেটিকে থামার সংকেত দেয়। তবে চালক সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করেন।
 

পরে পুলিশ মাইক্রোবাসটিকে ধাওয়া করলে চালক কসবা-সৈয়দাবাদ সড়ক থেকে আন্দিরপাড়-মনকাশাইর সড়কে ঢুকে পড়েন। একপর্যায়ে খিদিরপুর এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।
 

পুলিশ জানায়, মাইক্রোবাসটি পুকুরে পড়ার পর গাড়িতে থাকা গাঁজার বস্তাগুলো পানিতে ভেসে ওঠে। এ সময় চালকসহ মাদক কারবারিরা সাঁতরে পালিয়ে যান। পরে পুলিশ পুকুর থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে এবং পানিতে ভেসে ওঠা ৯ বস্তা গাঁজা জব্দ করে।
 

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের ধাওয়া খেয়ে মাইক্রোবাসটি পুকুরে পড়ে যায়। পরে সেখান থেকে মাইক্রোবাস ও ৯ বস্তা গাঁজা জব্দ করা হয়েছে।
 

তিনি আরও বলেন, প্রতিটি বস্তায় কী পরিমাণ গাঁজা রয়েছে, তা এখনো নির্ধারণ করা হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।