সীতাকুণ্ডে সংঘর্ষ ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় গ্রেপ্তার ৩, দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ সেপ্টেম্বর ২০২৬ ০৫:৩৫ অপরাহ্ণ   |   ৭০ বার পঠিত
সীতাকুণ্ডে সংঘর্ষ ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় গ্রেপ্তার ৩, দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র উদ্ধার

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি:

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক জনসমাবেশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্য ও তদন্তের ভিত্তিতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং একটি দেশীয় তৈরি একনলা কাটা বন্দুক উদ্ধার করা হয়েছে।

 


 

পুলিশ জানায়, গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সীতাকুণ্ডে পৃথক কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র প্রদর্শনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
 

ঘটনার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করে চট্টগ্রাম জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় সাদেক (২৯), কামরুল (৩৯) ও হানিফ (৩৪) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন মামলা রয়েছে।
 

তাদের দেওয়া তথ্য এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সীতাকুণ্ড থানার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ১১টি ধারালো ছুরি, তিনটি কিরিচ, একটি দা ও ১৫টি লাঠি উদ্ধার করা হয়। পরে আরও একটি দেশীয় তৈরি একনলা কাটা বন্দুক উদ্ধার করে পুলিশ।
 

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড, অবৈধ অস্ত্রের ব্যবহার বা প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের ঘটনায় কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধীর রাজনৈতিক পরিচয় বা কোনো পক্ষের সঙ্গে সংশ্লিষ্টতা বিবেচনায় না নিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
 

পুলিশ আরও জানায়, সংঘর্ষ ও অস্ত্র প্রদর্শনের ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে জেলা পুলিশ।