সীতাকুণ্ডে কুমিরা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন, অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ আগu ২০২৬ ০৫:৪৩ অপরাহ্ণ   |   ৩৮ বার পঠিত
সীতাকুণ্ডে কুমিরা কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধন, অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:


 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নাসির উদ্দিনের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন সাবেক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।
 

শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কলেজ গেট সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ‘সচেতন নাগরিক ফোরাম, সাবেক শিক্ষার্থী ও অভিভাবক’-এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অধ্যক্ষ মো. নাসির উদ্দিন দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানে নানা ধরনের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে প্রায় অর্ধকোটি টাকা আত্মসাৎ করেছেন। তারা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
 

এ সময় বক্তব্য দেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সাবেক সভাপতি মো. ইফতেখার আহমেদ জুয়েলসহ অন্যান্য অংশগ্রহণকারী।
 

তবে মানববন্ধনে উত্থাপিত সব অভিযোগ অস্বীকার করেছেন অধ্যক্ষ মো. নাসির উদ্দিন। তিনি বলেন, ২০০৫ সাল থেকে তিনি প্রতিষ্ঠানটিতে দায়িত্ব পালন করছেন। তাঁর সময়েই বিদ্যালয়টি কলেজে উন্নীত হয়েছে এবং ২০১৯ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি অর্জন করে। এছাড়া ২০২৩ সালে তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হন।
 

তিনি আরও দাবি করেন, বাংলাদেশ রেলওয়ের জমিতে প্রতিষ্ঠিত হওয়ায় কলেজটির নিজস্ব কোনো তহবিল নেই। মূলত পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তাঁর অভিযোগ, সাবেক অ্যাডহক কমিটির সভাপতি মো. ইফতেখার আহমেদ জুয়েল দায়িত্বে থাকাকালে কোনো অভিযোগ করেননি। বর্তমানে প্রস্তাবিত কমিটিতে তাঁর নাম না থাকায় ব্যক্তিগত ক্ষোভ থেকে এসব অভিযোগ তোলা হচ্ছে।
 

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, মানববন্ধন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। গণতান্ত্রিক কর্মসূচি পালনের অধিকার সবার রয়েছে। তবে মানববন্ধনের নামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট বা জনদুর্ভোগ সৃষ্টি হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।