প্রবাসীদের বিমান টিকিটের দাম কমাতে কাজ করছে সরকার: বিমানমন্ত্রী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৬ জুলাই ২০২৬ ০৬:৪৭ অপরাহ্ণ   |   ৪২ বার পঠিত
প্রবাসীদের বিমান টিকিটের দাম কমাতে কাজ করছে সরকার: বিমানমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিনিধি


 

প্রবাসীদের বিমান টিকিটের মূল্য কমানো এবং দেশে ফিরে যাতে তারা কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। একই সঙ্গে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হারানো সুনাম পুনরুদ্ধারেও সরকার কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
 

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে মানিকগঞ্জের আনন্দময়ী কালিবাড়িতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতকে আরও আধুনিক ও উন্নত করার নির্দেশনা দিয়েছেন। সেই লক্ষ্য বাস্তবায়নে সরকার কাজ করছে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে রেমিট্যান্সের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাই তাদের জন্য বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনা এবং দেশে ফেরার পর নির্বিঘ্ন সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
 

তিনি আরও বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেবার মান ও সুনাম পুনরুদ্ধারে সরকার আন্তরিকভাবে কাজ করছে, যাতে যাত্রীরা আরও উন্নত ও নির্ভরযোগ্য সেবা পান।
 

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আফরোজা খানম রিতা বলেন, গত ১৭ বছরে মানিকগঞ্জে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। জেলার সনাতন ধর্মাবলম্বীদের জন্য উন্নতমানের মন্দির ও পর্যাপ্ত শ্মশানের অভাব রয়েছে। এ কারণে মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলায় দৃষ্টিনন্দন দুটি মন্দির এবং আধুনিক শ্মশান নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
 

তিনি বলেন, সরকার ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের কল্যাণে কাজ করছে। সকলকে সঙ্গে নিয়ে একটি অসাম্প্রদায়িক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
 

রথযাত্রা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আনন্দময়ী কালিবাড়ি মন্দিরের সভাপতি ডা. উমেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গৌরাঙ্গ সরকারের সঞ্চালনায় জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল আল মাসুম, পিপি নুরতাজ আলম বাহার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব শিকদার, সাধারণ সম্পাদক রুহিদাস তরফদারসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
 

আলোচনা সভা শেষে আনন্দময়ী কালিবাড়ি থেকে হাজারো ভক্ত শ্রী শ্রী জগন্নাথ দেবের রথের রশি টেনে মাসির বাড়ির উদ্দেশ্যে রথযাত্রায় অংশ নেন। এ সময় ভক্তরা জগন্নাথ দেবের উদ্দেশে চিনি ও কলা অর্পণ করেন। আগামী সাত দিন পর উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।