বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দেশে ফেরাতে আইনি উদ্যোগ সরকারের

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ আগu ২০২৬ ০৬:২৯ অপরাহ্ণ   |   ৩৮ বার পঠিত
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দেশে ফেরাতে আইনি উদ্যোগ সরকারের

ঢাকা প্রেস প্রতিবেদক:

 

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের শর্তসাপেক্ষ জামিন বাতিল এবং তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি ল’ ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
 

রোববার (২ আগস্ট) রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার জানতে পেরেছে যে বেনজীর আহমেদ দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন। সেই জামিন আদেশ বাতিলের জন্য ইতোমধ্যে দুবাইয়ে একটি ল’ ফার্ম নিয়োগ করা হয়েছে।
 

তিনি বলেন, আদালতের আদেশের প্রত্যয়নিত (সার্টিফায়েড) কপি সংগ্রহের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত জামিন বাতিল এবং বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে বলে সরকার আশাবাদী।
 

আগস্টজুড়ে সতর্ক থাকার নির্দেশ

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আগস্ট মাসে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী আওয়ামী লীগের বিভিন্ন কার্যক্রমের তথ্য পাওয়ায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
 

তিনি বলেন, “নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর বিভিন্ন তৎপরতা আগস্ট মাসে পরিলক্ষিত হচ্ছে। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে।”
 

বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনাগুলো তদন্তাধীন

সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে বোমাসদৃশ বস্তু পাওয়ার ঘটনা নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, শনিবার মিরপুর-১০ মেট্রো স্টেশনে সন্দেহজনক একটি বস্তা উদ্ধার হলেও পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট পরীক্ষা-নিরীক্ষা করে সেখানে কোনো বিস্ফোরক পদার্থের অস্তিত্ব পায়নি।
 

তবে সাম্প্রতিক সময়ে এমন প্রতিটি ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।
 

উল্লেখ্য, এর আগে শনিবার পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব ইউনিটে একটি জরুরি সতর্কবার্তা পাঠানো হয়। এতে পুলিশের ব্যবহৃত যানবাহন হামলার লক্ষ্যবস্তু হতে পারে—এমন আশঙ্কার কথা উল্লেখ করে মাঠপর্যায়ের ইউনিটগুলোকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়।