২১ ঘণ্টা পর পুশইন চেষ্টায় ব্যর্থ, ৯ জনকে ফেরত নিল বিএসএফ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৫ জুন ২০২৬ ১১:৪৫ পূর্বাহ্ণ   |   ৪৫ বার পঠিত
২১ ঘণ্টা পর পুশইন চেষ্টায় ব্যর্থ, ৯ জনকে ফেরত নিল বিএসএফ

নওগাঁ প্রতিনিধি


নওগাঁর সাপাহার সীমান্তে নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। প্রায় ২১ ঘণ্টা সীমান্তে অবস্থানের পর বুধবার দিবাগত রাত ১টার দিকে বিএসএফ সদস্যরা ওই ৯ জনকে আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয়।

 

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম।
 

বিজিবি সূত্রে জানা গেছে, বুধবার ভোর ৪টার দিকে সাপাহার উপজেলার আদাতলা সীমান্তের ২৪৪/এমপি পিলারের উত্তর পাতাড়ি এলাকা দিয়ে বিএসএফের এলেনপুর ক্যাম্পের সদস্যরা ৯ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। তাদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও তিনজন শিশু ছিল।
 

ঘটনার খবর পেয়ে বিজিবি সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল জোরদার করে এবং কঠোর নজরদারি শুরু করে। একই সঙ্গে স্থানীয় বাসিন্দারাও সতর্ক অবস্থান নেন। ফলে বিএসএফের পুশইনের চেষ্টা সফল হয়নি।
 

পাতাড়ি গ্রামের বাসিন্দা আব্দুল মান্নান বলেন, পুশইনের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন। বিজিবির সঙ্গে সমন্বয় করে সবাই সতর্ক অবস্থানে ছিলেন। তিনি বলেন, বিজিবি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করেছে এবং কোনোভাবেই ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করতে দেয়নি।
 

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, খবর পাওয়ার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়। সদস্যরা সার্বক্ষণিক সতর্ক অবস্থানে ছিলেন। তিনি বলেন, রাত ১টার দিকে বিএসএফ সীমান্ত এলাকার আলো বন্ধ করে দেয়। পরে রাতের আঁধারে তারা পুশইনের প্রচেষ্টা থেকে সরে এসে ওই ব্যক্তিদের ভারতে ফিরিয়ে নিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। ভোরে সেখানে কাউকে আর দেখা যায়নি।
 

তিনি আরও জানান, সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ বা পুশইনের চেষ্টা প্রতিরোধে বর্তমানে ওই এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার রাখা হয়েছে।