চট্টগ্রামে বন্যায় ঘর হারানো ১০০ পরিবার পাচ্ছে নতুন ঘর

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ আগu ২০২৬ ০২:৩০ অপরাহ্ণ   |   ৪২ বার পঠিত
চট্টগ্রামে বন্যায় ঘর হারানো ১০০ পরিবার পাচ্ছে নতুন ঘর

চট্টগ্রাম ব্যুরো:


 

চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ঘরবাড়ি হারানো ১০০ পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দিচ্ছে সরকার। রোববার বাঁশখালী সফরে গিয়ে নির্বাচিত পরিবারের হাতে নতুন ঘরের চাবি তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
 

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে বাঁশখালীর বাহারছড়া সমুদ্রসৈকত-সংলগ্ন এলাকায় দুটি হেলিপ্যাড নির্মাণ করা হয়েছে। শনিবার চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এসব তথ্য জানান। এর আগে তিনি প্রধানমন্ত্রীর কর্মসূচির স্থান, হেলিপ্যাড, নিরাপত্তাব্যবস্থা এবং নির্মাণাধীন ঘরগুলো পরিদর্শন করেন।
 

জেলা প্রশাসক জানান, সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলার মধ্যে বাঁশখালীতে ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল সবচেয়ে বেশি। বিশেষ করে জেলে সম্প্রদায় ও মাটির ঘরে বসবাসকারী বহু পরিবারের ঘর সম্পূর্ণ কিংবা আংশিকভাবে বিধ্বস্ত হয়। বন্যাকবলিত এসব পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় নতুন ঘর নির্মাণ করা হচ্ছে।
 

বাঁশখালী পৌরসভা ও উপজেলার নয়টি ইউনিয়ন থেকে ১০০টি পরিবারকে নতুন ঘর দেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছে। প্রতিটি ঘরের দৈর্ঘ্য ১৮ ফুট ও প্রস্থ ১২ ফুট। দুটি কক্ষের পাশাপাশি প্রতিটি ঘরের সঙ্গে ৫ ফুট বাই ৫ ফুট আয়তনের একটি শৌচাগার নির্মাণ করা হচ্ছে। ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কমাতে ঘরগুলোতে আরসিসি পিলার, কাঠ ও টিন ব্যবহার করা হয়েছে।
 

জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী প্রথমে স্বামীহারা এক নারীর হাতে নতুন ঘরের চাবি তুলে দেবেন। সন্তানদের নিয়ে বসবাসরত ওই নারীর হাতে চাবি তুলে দেওয়ার মধ্য দিয়ে প্রতীকীভাবে ১০০ পরিবারের মধ্যে ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হবে।
 

এ ছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ১৫ জন প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিকে আর্থিক সহায়তার চেক দেওয়া হবে। একই কর্মসূচিতে বন্যায় ক্ষতিগ্রস্ত আরও ২০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।
 

বাঁশখালীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসা পরিদর্শনে যাবেন। পরে হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করবেন তিনি। সন্ধ্যায় চট্টগ্রাম নগরীতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত আলোচনা সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।