নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল পৌর এলাকায় নৌকায় ঘোরানোর প্রলোভন দেখিয়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ মোস্তফা (৩৫) নামের এক মাছ বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১২ মে) দুপুরে নান্দাইল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের আমোদাবাদ এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশুটির মা ক্ষণেকের জন্য পাশের বাড়িতে গেলে সে একা ছিল। এই সুযোগে প্রতিবেশী মাছ বিক্রেতা মোস্তফা শিশুটিকে নৌকায় ঘুরে বেড়ানোর কথা বলে স্থানীয় একটি বিলে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণ করেন। পরবর্তীতে শিশুটি রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় হেঁটে বাড়ির দিকে ফিরলে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন।
স্বজনরা তাৎক্ষণিকভাবে শিশুটিকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক ড. আকরামুল্লাহ জানান, শিশুটি মারাত্মক যৌন নির্যাতনের শিকার হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ ও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ (মেমেক) হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার খবর পেয়ে নান্দাইল মডেল থানা পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং রাতভর অভিযান চালিয়ে অভিযুক্ত মোহাম্মদ মোস্তফাকে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) সম্রাজ মিয়া জানান,
"অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।"