মো. শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরো:
রাজশাহীর চারঘাটে ২৩ বছর বয়সী এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার (৩ অক্টোবর) উপজেলার রায়পুর খাঁ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছে তরুণীর পরিবার।
অভিযুক্ত ব্যক্তি মকসেদ আলী (৬০) রায়পুর খাঁ পাড়া গ্রামের মৃত মজের আলীর ছেলে।
তরুণীর পরিবারের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বাড়ির পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় মকসেদ আলী ওই তরুণীকে জোর করে পাশের হলুদের জমিতে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে হলুদের জমি থেকে তরুণীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
সোমবার শারীরিক অবস্থার অবনতি হলে দুপুর ১২টার দিকে তাকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এর আগে তরুণীর মা বাদী হয়ে চারঘাট মডেল থানায় লিখিত অভিযোগ করেন।
খাঁ পাড়া সমাজের প্রামাণিক শামসুল হক অভিযোগ করে বলেন, এর আগেও নানা প্রলোভন দেখিয়ে ওই তরুণীকে ধর্ষণের অভিযোগ মকসেদ আলীর বিরুদ্ধে উঠেছিল। বিষয়টি নিয়ে সামাজিকভাবে বৈঠক করে তাকে সতর্ক করা হয়েছিল। এবারও তরুণীকে হলুদের জমিতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। পাশাপাশি বিয়ের প্রলোভন দেখিয়ে থানায় অভিযোগ না করার জন্য তরুণীর পরিবারকে চাপ দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।
চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুন নূর বলেন, ‘তরুণীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’
অভিযোগের বিষয়ে অভিযুক্ত মকসেদ আলীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।