আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:
চট্টগ্রামের পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি নিশ্চিত করা এবং আসন্ন এসএসসি পরীক্ষায় আশানুরূপ ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের কর কর্মকর্তা লায়ন এ কে এম সালাউদ্দিন এমজেএফ।
সভায় বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য কেবল পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, শৃঙ্খলাবোধ, সৃজনশীলতা, মানবিক গুণাবলি ও বাস্তবমুখী জ্ঞান অর্জনের মধ্য দিয়েই প্রকৃত শিক্ষার প্রতিফলন ঘটে। এ জন্য শিক্ষার পরিবেশ উন্নয়ন, নিয়মিত পাঠদান, পাঠ্যসূচির যথাযথ বাস্তবায়ন এবং শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা আরও বলেন, আসন্ন এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের এখন থেকেই পরিকল্পিতভাবে প্রস্তুতি নিতে হবে। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করা, নিয়মিত লেখাপড়ার অনুশীলন, শ্রেণি পরীক্ষায় অংশগ্রহণ, মডেল টেস্টের মাধ্যমে নিজেদের প্রস্তুতি যাচাই এবং সময়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। বিশেষ করে পড়াশোনায় পিছিয়ে থাকা শিক্ষার্থীদের চিহ্নিত করে তাদের প্রতি বাড়তি যত্ন ও বিশেষ নজর দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
এ সময় অভিভাবকদের উদ্দেশে বক্তারা বলেন, সন্তানদের পড়াশোনার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণের পাশাপাশি তাদের প্রতি যত্নশীল হতে হবে। বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে অভিভাবকদের নিয়মিত যোগাযোগ ও সমন্বয় থাকলে শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সহজ হবে।
সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রামকৃষ্ণ চৌধুরী, সিটি করপোরেশনের কর্মকর্তা নুরুল আলম ফারুকী, পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল হাকিম রানা, অভিভাবক সদস্য মো. আবুল হাশেম, সিনিয়র শিক্ষক মোহাম্মদ আবদুল মান্নান, তাপসী দে, বিটু কুমার দাশ, শামীমারা বশর, সুবর্ণা দাশ, সহকারী শিক্ষক শেলী চৌধুরী, মোহাম্মদ নুরুল আলম ফারুকী, প্রমি বড়ুয়া, পৃথ্বী ঘোষ, মো. আতোয়ার রহমান ও অনুপমা চক্রবর্তীসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ।
সভায় বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগী করে তোলা এবং শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভা শেষে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান আরও উন্নত করা এবং আসন্ন এসএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।