বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৪ নভেম্বর ২০২৬ ০৬:৫৭ অপরাহ্ণ   |   ৭২ বার পঠিত
বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি সাংবাদিক কায়েস আহমেদ সেলিম

তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন ও অনিয়ম দূর করার অঙ্গীকার নতুন সভাপতির

 

ডেক্স নিউজ, ঢাকা প্রেস:

 

 

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাংবাদিক, সমাজসেবক ও ব্যবসায়ী কায়েস আহমেদ সেলিম। জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত নতুন অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে তাঁকে মনোনীত করা হয়েছে। একই কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মাসুদ আহমেদ মিলন।

 

জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া অনুবিভাগ গত ৯ নভেম্বর ২০২৬ তারিখে এক অফিস আদেশের মাধ্যমে নতুন এই অ্যাডহক কমিটি ঘোষণা করে। আদেশে উল্লেখ করা হয়, আগের অ্যাডহক কমিটি যথাযথভাবে দায়িত্ব পালন করতে না পারায় সেটি বিলুপ্ত করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ (সংশোধন) আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় প্রদত্ত ক্ষমতাবলে নতুন কমিটি গঠন করা হয়।

 

নতুন সভাপতি কায়েস আহমেদ সেলিম ভাইয়া ব্রডকাস্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যবসা ও সাংবাদিকতার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। তাঁর পরিচালিত সেবামূলক প্রতিষ্ঠান ‘সাইফান ফাউন্ডেশন’-এর মাধ্যমে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নানা ধরনের সহযোগিতা ও সেবাসুবিধা পেয়ে থাকেন।

 

দায়িত্ব গ্রহণের পর কায়েস আহমেদ সেলিম জানান, বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের বিদ্যমান অনিয়ম, অসংগতি ও সাংগঠনিক সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়াই হবে তাঁর প্রধান অগ্রাধিকার। একই সঙ্গে দায়িত্ব গ্রহণের পরবর্তী তিন মাসের মধ্যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের পরিকল্পনা রয়েছে তাঁর।

 

তিনি বলেন, ‘দায়িত্ব পালনের এই তিন মাসের মধ্যে ফেডারেশনের বিদ্যমান অনিয়ম ও সমস্যাগুলো দ্রুত চিহ্নিত করে সমাধানের চেষ্টা করব। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব বুঝিয়ে দেব। পাশাপাশি ফেডারেশনের সার্বিক পরিস্থিতি, বিদ্যমান অনিয়ম ও সমস্যাগুলোর বিস্তারিত প্রতিবেদনও নতুন নির্বাচিত কমিটির কাছে হস্তান্তর করা হবে।’

 

নতুন সভাপতি আরও বলেন, দায়িত্ব পালনের এই স্বল্প সময়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। কাউকে অনিয়ম করার সুযোগ দেওয়া হবে না। ফেডারেশনের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

 

জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী, নতুন অ্যাডহক কমিটিকে অফিস আদেশ জারির পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। এরপর নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।

 

সংশ্লিষ্ট ক্রীড়াঙ্গনের প্রত্যাশা, কায়েস আহমেদ সেলিমের নেতৃত্বে বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা ফিরবে। বিদ্যমান অনিয়ম ও সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের মাধ্যমে ফেডারেশনে নির্বাচিত নেতৃত্ব প্রতিষ্ঠার পথ সুগম হবে।