সোনারগাঁয়ে দুর্বৃত্তদের হামলায় সুতা ব্যবসায়ী নিহত, আহত স্ত্রী

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৪ মে ২০২৬ ১২:৩৩ অপরাহ্ণ   |   ৪৫ বার পঠিত
সোনারগাঁয়ে দুর্বৃত্তদের হামলায় সুতা ব্যবসায়ী নিহত, আহত স্ত্রী

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি


 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সংঘবদ্ধ দুর্বৃত্তদের হামলায় নজরুল ইসলাম (৫২) নামে এক সুতা ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী শাহানূর বেগম আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জিজ্ঞাসাবাদের জন্য উজ্জ্বল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
 

বুধবার দিবাগত রাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ওই গ্রামের গাজী মিয়ার ছেলে।
 

আহত শাহানূর বেগম জানান, রাত সাড়ে ১২টার দিকে ৫ থেকে ৭ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে। পরে স্বামী-স্ত্রীকে আলাদা কক্ষে হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়। যাওয়ার সময় হামলাকারীরা ওড়না পেঁচিয়ে তাদের শ্বাসরোধের চেষ্টা করে।
 

তিনি আরও জানান, তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। মসজিদে মাইকিং করা হলে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হামলাকারীরা প্রায় ৬০ হাজার টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে বলেও দাবি করেন তিনি।
 

স্থানীয়রা জানান, নজরুল ইসলাম স্ত্রী ও পুত্রবধূকে নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন। তার একমাত্র ছেলে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এবং দুই মেয়ের বিয়ে হয়েছে।
 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সারোয়ার বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি রহস্যজনক উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে এবং দ্রুত রহস্য উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।
 

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক সাঈদ বলেন, ঘটনার আদ্যোপান্ত খতিয়ে দেখা হচ্ছে। এটি শুধুই ডাকাতি নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।