আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম :
কৃষি উপকরণ, বিশেষ করে সার, বীজসহ বিভিন্ন উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং কৃষিপণ্যে ভর্তুকি দেওয়ার দাবিতে চট্টগ্রামের পটিয়ায় বিক্ষোভ সমাবেশ করেছেন কৃষক ও ক্ষেতমজুররা।
সম্প্রতি পটিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি ও হাইদগাঁও কৃষক কল্যাণ সমিতির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হাইদগাঁও কৃষক কল্যাণ সমিতির সভাপতি ও ক্ষেতমজুর সমিতির নেতা জয়নাল আবেদীন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ ও প্রকৌশলী শ্যামল কান্তি বিশ্বাস। বক্তব্য দেন দক্ষিণ জেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আবুল কালাম চাষী, হাইদগাঁও কৃষক কল্যাণ সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক রনজিত চৌধুরী, সহসভাপতি উজ্জ্বল চৌধুরী, ক্ষেতমজুর নেত্রী খালেদা বেগম ও কৃষক কল্যাণ সমিতির সদস্য আবু তালেবসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, কৃষি উপকরণের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে কৃষকদের উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে। এর ফলে কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি চাষাবাদে আগ্রহ হারাচ্ছেন। কৃষকদের স্বার্থে সার, বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণের দাম কমানো এবং কৃষিপণ্যে কার্যকর ভর্তুকি নিশ্চিত করা জরুরি।
সমাবেশ থেকে কৃষকদের উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান বক্তারা।