বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে বৈঠক করেছেন।
বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই পক্ষ ব্যবসাবান্ধব পরিবেশ উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন, বাণিজ্য সুবিধা সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব জোরদার করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমান সরকার একটি বিনিয়োগবান্ধব ও প্রতিযোগিতামূলক অর্থনৈতিক পরিবেশ গড়ে তুলতে ধারাবাহিক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি জানান, ব্যবসা শুরু ও পরিচালনার প্রক্রিয়া সহজ করতে প্রশাসনিক জটিলতা কমানো, অনুমোদন প্রক্রিয়ার ডিজিটালাইজেশন এবং সেবাগুলোকে আরও দ্রুত ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিদেশি বিনিয়োগকারীদের জন্য ব্যবসা সহজীকরণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে ব্যবসা নিবন্ধন, অনুমোদন ও সেবাপ্রদানের প্রক্রিয়া আরও সহজ ও সময়োপযোগী করার কাজ চলমান রয়েছে।
ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ-মার্ক সেরে-শারলে বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্ভাবনাময় দেশ। শিল্পায়ন, অবকাঠামো উন্নয়ন এবং বৃহৎ ভোক্তা বাজারের কারণে বাংলাদেশ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য।
তিনি বাংলাদেশে ফরাসি বিনিয়োগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেন এবং ব্যবসা পরিচালনার পরিবেশ আরও সহজ ও কার্যকর করার উদ্যোগকে স্বাগত জানান।
বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আব্দুর রহিম খান উপস্থিত ছিলেন।