৫ আগস্ট উপলক্ষে পটিয়ায় বিএনপির প্রস্তুতি সভা, বিজয় র‌্যালির সিদ্ধান্ত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০২ আগu ২০২৬ ০৬:৪৮ অপরাহ্ণ   |   ৪৪ বার পঠিত
৫ আগস্ট উপলক্ষে পটিয়ায় বিএনপির প্রস্তুতি সভা, বিজয় র‌্যালির সিদ্ধান্ত

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম:

 

৫ আগস্ট উপলক্ষে বিএনপির ঘোষিত ‘ফ্যাসিবাদী সরকারের পতন ও গণতান্ত্রিক আন্দোলনের বিজয় দিবস’ উদযাপনকে সামনে রেখে চট্টগ্রামের পটিয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
 

রোববার (২ আগস্ট) বিকেল ৩টায় পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পটিয়া পৌরসভার দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম সওদাগর। সভা সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম।
 

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৫ আগস্ট বিকেল ৩টায় পটিয়া পৌরসভা এলাকায় উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বিজয় র‌্যালি আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
 

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য বদরুল খায়ের চৌধুরী ও শফিকুল ইসলাম শফিক, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, যুগ্ম আহ্বায়ক আলহাজ আবুল ফয়েজ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম জসীম উদ্দীন ও মো. মঈনুল আলম ছোটন, পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক তৌহিদুল আলম ও আবদুল মাবুদ, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের আহমেদ, জেলা জাসাসের সদস্য সচিব নাছির উদ্দীন, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত ইয়াসিন ও সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, পৌরসভা যুবদলের আহ্বায়ক আবছার উদ্দীন সোহেল ও সদস্য সচিব হাবিবুর রহমান রিপনসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতারা।
 

সভায় বক্তারা বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাদের বক্তব্যে দাবি করা হয়, ওই দিনের ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হয়েছিল। এ সময় তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র রক্ষার আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।