রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

বাংলাদেশ সরকারের ঘোষিত ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে বর্ণাঢ্য র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি শিশুর হাতে একটি করে গাছ তুলে দিয়ে পরিবেশবান্ধব ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজক ও অতিথিরা।
সোমবার (২৯ জুন) বিকেলে মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বী। এছাড়া উপস্থিত ছিলেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম তালুকদার, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা হাসিনা আক্তার, অভিভাবক সদস্য মো. জাকির হোসেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
র্যালি শেষে বিদ্যালয় মাঠে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির তিনটি গাছের চারা রোপণের মাধ্যমে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, প্রতিটি শিশুকে প্রতিবছর অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যায় সম্পৃক্ত করার মাধ্যমে দেশব্যাপী সবুজায়ন আন্দোলন গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।