রাজধানীর বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ই-মেইলের মাধ্যমে দেওয়া এ হুমকির ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাড্ডা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। বিষয়টি তদন্ত করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) সাইবার ইউনিট।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে একটি হুমকিমূলক ই-মেইল আসে। TypicalChineseman@gmail.com ঠিকানা থেকে পাঠানো ওই বার্তায় ৬ অক্টোবর সকাল ১১টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একাধিক বোমা হামলা চালানোর হুমকি দেওয়া হয়।
ই-মেইলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে হামলার হুমকি দিয়ে বলা হয়, নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ‘গণবোমা হামলা’ চালানো হবে এবং তা কেউ ঠেকাতে পারবে না।
ঘটনাটি জানার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি করে। এরপর হুমকির উৎস ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করে ডিবির সাইবার ইউনিট।
ডিএমপির গোয়েন্দা (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) তরিকুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।