চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আমিরাবাদ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে সাতটি পরিবার ঘরবাড়ি ও প্রয়োজনীয় মালামাল হারিয়ে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ঘরবাড়ির পাশাপাশি আসবাবপত্র ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বুধবার (১২ আগস্ট) দুপুর ২টার দিকে আসলাম চৌধুরীর নির্দেশনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চালসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, সদস্যসচিব মো. মোরছালিন, যুগ্ম আহ্বায়ক সালামত উল্লাহ, পৌর বিএনপির সদস্যসচিব ছালে আহমদ সলু, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সদস্যসচিব সুনেন্দ্র ভট্টাচার্য, পৌর যুবদলের সদস্যসচিব জিয়া উদ্দীন, ছাত্রদলের আহ্বায়ক জিকো ও সদস্যসচিব মো. সিফাতসহ দলটির নেতাকর্মীরা।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেয়। এ সময় তারা ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।
প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৪ আসনের এমপি প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী, উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলি, সাবেক উপজেলা আমির মাওলানা তাওহীদুল হক চৌধুরী, ভারপ্রাপ্ত আমির মো. তাহের এবং সীতাকুণ্ড পৌরসভার সেক্রেটারি মাহমুদ জুয়েল।
এ ছাড়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মেজবাউল আলম রাসেল, সীতাকুণ্ড পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাহমুদ করিম, জামায়াত মনোনীত ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. আজাদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জামায়াত নেতারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্দশার প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও প্রয়োজনীয় সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেন তারা।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয়রা দ্রুত সরকারি সহায়তার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং বিত্তবানদের এগিয়ে এসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।