কোলন ক্যান্সারে আক্রান্ত নৃত্য পরিচালক জাকির হোসেনের মৃত্যু

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৩ জুন ২০২৬ ০৩:০৩ অপরাহ্ণ   |   ৩৬ বার পঠিত
কোলন ক্যান্সারে আক্রান্ত নৃত্য পরিচালক জাকির হোসেনের মৃত্যু

 

বিনোদন প্রতিবেদক
 

দেশের চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ, অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই। দীর্ঘদিন কোলন ক্যান্সারে ভোগার পর মঙ্গলবার সকালে রাজধানীর মহাখালী ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
 

জাকির হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সানি রহমান। তিনি জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত শনিবার তাকে মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দীর্ঘদিন ধরে কোলন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। উন্নত চিকিৎসার জন্য ভারতের বেঙ্গালুরুতেও চিকিৎসা নিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত প্রাণঘাতী রোগের কাছে হার মানেন এই গুণী শিল্পী।
 

তার মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শিল্পী ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করছেন।
 

দীর্ঘ ক্যারিয়ারে দেশের চলচ্চিত্র শিল্পে নৃত্য পরিচালনার মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন জাকির হোসেন। অসংখ্য জনপ্রিয় সিনেমায় নৃত্য নির্দেশনার পাশাপাশি অভিনয়শিল্পী হিসেবেও তিনি দর্শকদের কাছে পরিচিত ছিলেন। এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 

ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যাসন্তানের জনক ছিলেন। মাত্র পাঁচ বছর বয়সী মেয়েকে রেখে না ফেরার দেশে পাড়ি জমালেন চলচ্চিত্রাঙ্গনের এই গুণী নৃত্য পরিচালক।