মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
রংপুরের কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছররা গুলিতে আহত দুই ভারতীয় নাগরিককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুজনই ভারতের আসাম রাজ্যের বাসিন্দা বলে জানা গেছে।
আহতরা হলেন আব্দুল আলিম ও ইসমাইল হোসেন। বর্তমানে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, ‘গুলিবিদ্ধ ভারতীয় দুই নাগরিক বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।’
চিকিৎসাধীন দুই ব্যক্তি জানান, রোববার দুপুরে তারা সীমান্ত এলাকায় গরু চরাচ্ছিলেন। দুপুর আনুমানিক ১টার দিকে ভুলবশত তারা বাংলাদেশ সীমান্তের কাছাকাছি চলে গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোড়েন। তারা নিজেদের ভারতীয় নাগরিক পরিচয় দেওয়ার পরও গুলি চালানো হয় বলে অভিযোগ করেন তারা।
আহতদের দাবি, গুলিবিদ্ধ অবস্থায় তাদের কুড়িগ্রাম সীমান্ত এলাকায় ফেলে রেখে চলে যায় বিএসএফ সদস্যরা। পরে রোববার রাতে সীমান্তবর্তী এলাকার কয়েকজন স্থানীয় জেলে তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। প্রথমে তাদের স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত আনুমানিক ২টার দিকে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহতরা জানান, তারা ভারতের আসাম রাজ্যের স্থায়ী বাসিন্দা এবং মুসলিম সম্প্রদায়ের। নিজেদের ভারতীয় নাগরিকত্বের পক্ষে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও প্রমাণাদি তাদের কাছে রয়েছে বলেও দাবি করেছেন তারা।
ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট সীমান্ত কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।