টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বাবা ও শিশুপুত্রসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলকির জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— জলই গ্রামের বাবুল হাদিমা, তার শিশুপুত্র নেইমার ম্রং, একই গ্রামের রতন নকরেক এবং গাবরিয়েল নকরেক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে একটি ছাগল পরিত্যক্ত কূপে পড়ে যায়। ছাগলটিকে উদ্ধারের জন্য প্রথমে গাবরিয়েল নকরেক (৩৫) কূপে নামেন। কিছুক্ষণ পর তার কোনো সাড়া না পেয়ে আরও তিনজন একে একে কূপে প্রবেশ করেন। কিন্তু তারাও আর ওপরে ফিরে না আসায় স্থানীয়রা বিষয়টি মধুপুর ফায়ার সার্ভিসকে জানায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে চারজনকে কূপ থেকে বের করেন। পরে তাদের মৃত ঘোষণা করা হয়।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, টেলকি জলই এলাকায় পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে নেমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর চার সদস্যের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করেছেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপের ভেতরে বিষাক্ত গ্যাস বা অক্সিজেনের ঘাটতির কারণে এ মর্মান্তিক ঘটনা ঘটতে পারে।