মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি ও ধর্মঘর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম কামালের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলাটিকে মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক হয়রানিমূলক দাবি করে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পুলিশ জানায়, আদালতের নির্দেশে শুক্রবার রাতে মাধবপুর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। বর্তমানে অভিযোগটি তদন্তাধীন রয়েছে।
মামলার বিষয়ে উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত উল্লাহ বলেন, রাজনৈতিকভাবে শামসুল ইসলাম কামালকে কোণঠাসা করা এবং তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই একটি স্বার্থান্বেষী মহল মামলাটি করেছে। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেন।
যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির খান চৌধুরী বলেন, একটি অসহায় পরিবারের জায়গা দখল ঠেকানো এবং জাল দলিলের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে শামসুল ইসলাম কামালকে চাঁদাবাজির মামলায় জড়ানো হয়েছে।
অভিযোগ অস্বীকার করে শামসুল ইসলাম কামাল বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তাকে রাজনৈতিকভাবে প্রতিহত এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এ মামলা করা হয়েছে।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, আদালতের নির্দেশে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।