রাস্তায় পাওয়া সাড়ে ৪ লাখ টাকা ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত পাভেল খন্দকার

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১২:৫২ অপরাহ্ণ   |   ২৭ বার পঠিত
রাস্তায় পাওয়া সাড়ে ৪ লাখ টাকা ফেরত দিয়ে সততার দৃষ্টান্ত পাভেল খন্দকার

মাধবপুর প্রতিনিধি:


রাস্তায় পড়ে থাকা প্রায় সাড়ে ৪ লাখ টাকা কুড়িয়ে পেয়ে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দিয়ে সততা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিমুলঘর গ্রামের মো. পাভেল খন্দকার।

 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
 

জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধানমন্ডল গ্রামের নাঈমের রাস্তায় প্রায় সাড়ে ৪ লাখ টাকা হারিয়ে যায়। পরে পাভেল খন্দকার রাস্তায় পড়ে থাকা টাকাগুলো দেখতে পেয়ে তা নিজের কাছে না রেখে প্রকৃত মালিকের সন্ধানে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করেন।
 

পরে দৈনিক ইনকিলাবের নাসিরনগর উপজেলা সংবাদদাতা মো. মোযযাম্মিল হকের উপস্থিতিতে টাকা হারানোর বিষয়টি যাচাই-বাছাই করা হয়। যাচাই শেষে টাকাগুলো ধানমন্ডল গ্রামের নাঈমের কাছে হস্তান্তর করা হয়।
 

হারানো টাকা ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন নাঈম। তিনি পাভেল খন্দকারের সততা, দায়িত্বশীলতা ও মানবিকতার জন্য কৃতজ্ঞতা জানান।
 

এদিকে বিপুল পরিমাণ অর্থ কুড়িয়ে পেয়েও লোভের বশবর্তী না হয়ে তা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ায় পাভেল খন্দকারের প্রশংসা করেছেন স্থানীয়রা। তারা এ ঘটনাকে সমাজে সততা ও মানবিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
 

টাকা ফেরত দেওয়ার উদ্যোগে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন দৈনিক ইনকিলাবের নাসিরনগর উপজেলা সংবাদদাতা মো. মোযযাম্মিল হক।