চট্টগ্রাম মহানগরীর রেলওয়ে এমপ্লয়ীজ গার্লস হাইস্কুলের নবগঠিত এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের কর কর্মকর্তা লায়ন এ কে এম সালাহউদ্দিন এমজেএফ। সভা সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সচিব মো. জাকির হোসেন।
সভায় শিক্ষক প্রতিনিধি মঈনুদ্দিন মোহাম্মদ নুরুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি শারমিন সুলতানাসহ কমিটির সদস্যরা বক্তব্য রাখেন।
সভায় সভাপতি লায়ন এ কে এম সালাহউদ্দিন এমজেএফ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও কমিটির সদস্যদের মধ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যেতে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন।
তিনি আরও বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। শিক্ষকদের যেকোনো যৌক্তিক সমস্যা আন্তরিকতার সঙ্গে সমাধান এবং সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা প্রদানে এডহক কমিটি সচেষ্ট থাকবে। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের মানসম্মত পাঠদান নিশ্চিত করার পাশাপাশি তাদের প্রতি মাতৃসুলভ ও পিতৃসুলভ স্নেহ-মমতা প্রদর্শনের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান।