লেবাননে আরও দুই বাংলাদেশি নিহত, একজনের লাশ ‘ধ্বংসস্তূপের নিচে’

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৪ মে ২০২৬ ১১:০৯ পূর্বাহ্ণ   |   ৫৫ বার পঠিত
লেবাননে আরও দুই বাংলাদেশি নিহত, একজনের লাশ ‘ধ্বংসস্তূপের নিচে’

লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বুধবার বিষয়টি নিশ্চিত করেছে। কয়েক দিনের ব্যবধানে একই অঞ্চলে এ নিয়ে চার বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা ঘটল।

 

দূতাবাসের তথ্য অনুযায়ী, ১১ মে গভীর রাতে নাবাতিয়ের মাইফাদুন এলাকায় একটি ভবনে হামলা চালানো হয়। ওই হামলার পর থেকে সাতক্ষীরার শ্রী শুভ কুমার দাস এবং নরসিংদীর করিম মিয়ার খোঁজ মিলছিল না। পরে বিভিন্ন সূত্রে তাদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

 

ঘটনার দুই দিন পর লেবাননের সেনাবাহিনী ও রেডক্রস যৌথভাবে ধ্বংসস্তূপে অভিযান চালিয়ে একটি মরদেহ উদ্ধার করে। স্থানীয় বাংলাদেশি কর্মী রাজিব সেটিকে শুভ কুমার দাসের মরদেহ হিসেবে শনাক্ত করেন। বর্তমানে মরদেহটি নাবাতিয়ের একটি হাসপাতালে রাখা হয়েছে।

 

তবে করিম মিয়ার মরদেহ এখনো উদ্ধার করা যায়নি। ধারণা করা হচ্ছে, ভবনের ধ্বংসস্তূপের নিচেই তার দেহ আটকে রয়েছে। নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে না থাকায় উদ্ধার তৎপরতায় জটিলতা তৈরি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, নিখোঁজ মরদেহ উদ্ধারে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী ও উদ্ধারকারী সংস্থাগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও উদ্ধার অভিযান চালানো হবে।