নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে হাসপাতালের অব্যবস্থাপনা, অস্বাস্থ্যকর পরিবেশ এবং চিকিৎসকদের নির্ধারিত সময়ে অনুপস্থিতি দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. ফরিদ উদ্দিন চৌধুরীকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের (ক্লোজড) নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই নোয়াখালী জেনারেল হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। তিনি হাসপাতালের পুরুষ, মহিলা, শিশু ও ডায়রিয়া ওয়ার্ড, জরুরি বিভাগসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং সেবার মান ও পরিবেশ পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনের সময় হাসপাতালের বিভিন্ন স্থানে অস্বাস্থ্যকর পরিবেশ ও নোংরা টয়লেট দেখতে পেয়ে অসন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। একই সঙ্গে সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে কয়েকজন চিকিৎসককে কর্মস্থলে না পেয়ে তিনি প্রশাসনিক তৎপরতা নিয়ে প্রশ্ন তোলেন।
হাসপাতালের সার্বিক পরিস্থিতি ও প্রশাসনিক শিথিলতা দেখে তাৎক্ষণিক ব্যবস্থা নেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি ঘটনাস্থল থেকেই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) মোবাইল ফোনে কল করে উপ-পরিচালক ডা. মো. ফরিদ উদ্দিন চৌধুরীকে জরুরি ভিত্তিতে ক্লোজড করার নির্দেশ দেন।
পরে তিনি স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামানের সঙ্গেও কথা বলেন এবং হাসপাতালের অব্যবস্থাপনা দূর করে সেবার মান উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের তাগিদ দেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিয়ে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না। চিকিৎসকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করতে হবে এবং হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। দায়িত্ব পালনে ব্যর্থদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও সতর্ক করে বলেন, আগামী কয়েক দিনের মধ্যে হাসপাতালের পরিবেশের উন্নতি এবং চিকিৎসকদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করা না গেলে আরও কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, পুলিশ সুপার এন এম নাসির উদ্দিন, সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেনসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।