মুরাদনগরে একই রশিতে ঝুলন্ত মা-ছেলের মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২৬ এপ্রিল ২০২৫ ০৭:১৩ অপরাহ্ণ   |   ৬৫১ বার পঠিত
মুরাদনগরে একই রশিতে ঝুলন্ত মা-ছেলের মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যা

আবুল কালাম আজাদ,কুমিল্লা প্রতিনিধিঃ-

 

কুমিল্লার মুরাদনগর উপজেলার পশ্চিম বাঙ্গরা ইউনিয়নের নবীয়াবাদ গ্রামে একই রশিতে ঝুলন্ত অবস্থায় এক মা ও তার শিশুপুত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
 

নিহতরা হলেন—ওই গ্রামের প্রবাসী আঃ মতিনের স্ত্রী রাবেয়া বেগম (২৬) ও তার তিন বছরের ছেলে আব্দুল্লাহ।
 

স্থানীয়দের পাশাপাশি নিহতের পরিবার দাবি করছে, রাবেয়া ও আব্দুল্লাহকে পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। নিহত রাবেয়ার বাবা ইদ্রিস মিয়া বলেন, "আমার মেয়ের পা মাটিতে লেগে ছিল। দেখে স্পষ্ট বোঝা যায়, এটি আত্মহত্যা নয়, তাদের হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। আমি থানায় লিখিত অভিযোগ করতে যাচ্ছি।"
 

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হতে তদন্ত চলছে বলেও জানান তিনি।