রাজধানীর কারওয়ান বাজারের সোনারগাঁ হোটেল ক্রসিংয়ে মাদক সেবন নিয়ে বিরোধে কাঁচের টুকরার আঘাতে মইজুল ওরফে কালু (১৬) নামের এক পথশিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত হামিদুলকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় মইজুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া পথশিশু মোহাম্মদ আমিন জানায়, সোনারগাঁও হোটেল ক্রসিংয়ের সামনে মাদকসেবী হামিদুল ভাঙা কাঁচের টুকরা দিয়ে মইজুলকে ঘাড়ের বাম পাশে আঘাত করে। সে কারওয়ান বাজার এলাকায় থাকতো ও ভাঙ্গাড়ি সংগ্রহের কাজ করতো।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।