তাফসির আহাম্মদ, বিশেষ প্রতিনিধি, কুমিল্লা:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের পৃথক বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইন, চুরি, বিশেষ ক্ষমতা আইন এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের মামলায় চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্যের নেতৃত্বে পরিচালিত অভিযানে সালাউদ্দিন (২৯) নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়। তিনি ৭ নভেম্বর দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি। সালাউদ্দিন উপজেলার ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের কল্পবাস গ্রামের বাসিন্দা।
পৃথক অভিযানে থানার এসআই মো. রফিকুল ইসলাম গোপালনগর এলাকা থেকে চুরি মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. ফারুক ভূঁইয়াকে (৩৬) গ্রেপ্তার করেন। তিনি দুলালপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের মৃত লীল মিয়া ভূঁইয়ার ছেলে।
একই দিনে এসআই সুজন কুমার আচার্য শশীদল এলাকায় অভিযান চালিয়ে বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. রিহানকে (২২) গ্রেপ্তার করেন। রিহান শশীদল উত্তরপাড়ার মো. মনছুরের ছেলে।
এ ছাড়া ১১ নভেম্বর দায়ের হওয়া বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের মামলার এজাহারনামীয় আসামি সোহেল মিয়াকে (৩২) গ্রেপ্তার করেন এসআই সুজন কুমার আচার্য। সোহেল ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বল্লভপুর গ্রামের মোকতার হোসেনের ছেলে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।