আহমদ রেজা, বিশেষ প্রতিনিধি:
ধর্মীয় ভাবগাম্ভীর্য, দোয়া-মাহফিল ও আধ্যাত্মিক পরিবেশে চট্টগ্রামের আনোয়ারায় অনুষ্ঠিত হতে যাচ্ছে গাউছিয়া মইনুল উলুম দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা শাহ সূফী মোহাম্মদ ইসমাইল হোসেন (রহ.)-এর ৭ম পবিত্র বার্ষিক ওরশ ও ফাতেহা শরীফ। এ উপলক্ষে এলাকাজুড়ে ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে উৎসাহ ও প্রস্তুতির আমেজ বিরাজ করছে।
আগামী ১৪ মে ২০২৬, বৃহস্পতিবার আনোয়ারা উপজেলার বরুমছড়া ২ নম্বর ওয়ার্ডে এ পবিত্র ওরশ মোবারক অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে কোরআন খতম, মিলাদ, জিকির-আজকার, দোয়া ও ফাতেহা শরীফসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।
আয়োজকরা জানান, মরহুম মাওলানা শাহ সূফী মোহাম্মদ ইসমাইল হোসেন (রহ.) ছিলেন একজন প্রখ্যাত দ্বীনি ব্যক্তিত্ব ও সমাজসেবক। ইসলামী শিক্ষা বিস্তার ও মানবকল্যাণে তাঁর অবদান এলাকাবাসীর কাছে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে আছে।
উক্ত ওরশ ও ফাতেহা শরীফে দেশ-বিদেশের ভক্ত, আশেকান ও ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি সকলের নিকট মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া চাওয়া হয়েছে।
আয়োজকবৃন্দ আশা প্রকাশ করেন, এ ধরনের ধর্মীয় আয়োজন সমাজে ইসলামী মূল্যবোধ, ভ্রাতৃত্ববোধ ও আধ্যাত্মিক চেতনাকে আরও সুদৃঢ় করবে।