গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন শিশুটির স্বজনরা।
ঘটনার পর গুরুতর আহত অবস্থায় শিশুটিকে শুক্রবার গভীর রাতে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তৌকির আহমেদ জানান, শিশুটিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
শনিবার বিকেলে ভুক্তভোগী শিশুর চাচি জানান, শিশুটি বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। সেখানে তার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে।
এদিকে ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই অভিযুক্ত বৃদ্ধ আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা এসআই মো. ফিরোজ আলম বলেন, খবর পেয়ে শুক্রবার রাতেই তিনি গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। তবে এর আগেই শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছিল।
তিনি আরও জানান, অভিযুক্তকে আটকে রাখা হয়েছে এমন খবর পেয়ে রাত ৪টার দিকে ঘটনাস্থলে গেলে স্থানীয়রা জানান, অভিযুক্ত পালিয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি বলেও জানান তিনি।