দীর্ঘ বিরতির পর মোস্তফা কামাল রাজের নির্মিত ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’ দিয়ে অভিনয়ে ফেরার কথা ছিল অভিনেত্রী সুমাইয়া শিমুর। তবে শারীরিক অসুস্থতার কারণে শেষ পর্যন্ত নাটকটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তার পরিবর্তে রুকাইয়া চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী দীপা খন্দকার।
নাটকটিতে অভিনয়ের সুযোগ পেয়ে শুরুতে বেশ উচ্ছ্বসিত ছিলেন সুমাইয়া শিমু। বিরতির পর এমন গল্প ও চরিত্রের মধ্য দিয়ে ক্যামেরার সামনে ফিরতে পারাকে বিশেষভাবে দেখেছিলেন তিনি। কিন্তু শুটিং শুরুর পর চোখের সমস্যার কারণে সেই প্রত্যাবর্তন আর সম্ভব হলো না।
জানা গেছে, শুটিংয়ের আগে থেকেই চোখে ভাইরাস সংক্রমণের বিষয়টি টের পেয়েছিলেন শিমু। এরপরও সংবাদ সম্মেলনের পরদিন শুটিংয়ে অংশ নেন তিনি। ওই দিন তার চোখ ফুলে যায় এবং ব্যথাও বেড়ে যায়। পরে চিকিৎসকের পরামর্শে শুটিং থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী।
এদিকে, ‘ফিরে আসার গল্প’-এর সঙ্গে আগে থেকেই যুক্ত ছিলেন দীপা খন্দকার। তবে তার অভিনয় করার কথা ছিল মরিয়ম চরিত্রে। পরবর্তীতে ওই চরিত্রে যুক্ত হয়েছেন অভিনেত্রী রোজী সিদ্দিকী। ফলে দীপা এখন রুকাইয়া চরিত্রে অভিনয় করবেন।
অভিনয়শিল্পী পরিবর্তনের বিষয়ে নির্মাতা বা প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাওয়ালা এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। তবে প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ থেকে সুমাইয়া শিমুর ফটোশুটের ছবিগুলো সরিয়ে ফেলা হয়েছে। একই সঙ্গে মরিয়ম চরিত্রে রোজী সিদ্দিকীকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।
সুমাইয়া শিমু অভিনয় করতে না পারলেও ‘ফিরে আসার গল্প’ দিয়ে দীর্ঘদিন পর ধারাবাহিক নাটকে ফিরেছেন জাহিদ হাসান ও তানজিম সাইয়ারা তটিনী। এতে আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, খায়রুল বাসার, মনিরা মিঠু, ফয়জুল ইয়ামিন, মাহমুদুল ইসলাম মিঠু, মুকিত জাকারিয়া, এজাজুল ইসলাম, রাজুসহ অনেকে।
বর্তমানে ধারাবাহিকটির শুটিং পুরোদমে চলছে। আগামী ৭ অক্টোবর থেকে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে ‘ফিরে আসার গল্প’-এর প্রচার শুরু হবে। প্রতি বুধ ও বৃহস্পতিবার দুপুর ১২টায় নতুন পর্ব প্রকাশ করা হবে।