চারঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৮ সেপ্টেম্বর ২০২৬ ০৯:২২ অপরাহ্ণ   |   ৯৬ বার পঠিত
চারঘাটে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মোঃ শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরো:

 

“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর চারঘাটে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে।
 

মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুন ফেরদৌসের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, উপজেলা জামায়াতের আমির মাস্টার আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাহেদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান ও জনস্বাস্থ্য কর্মকর্তা মেহেদী হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
 

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে সাক্ষরতার কোনো বিকল্প নেই। নিরক্ষরতা দূর করে সমাজের প্রতিটি মানুষকে শিক্ষার আলোয় আলোকিত করতে সরকারের পাশাপাশি সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
 

তারা বলেন, ঝরে পড়া শিক্ষার্থী ও বয়স্কদের সাক্ষরতার আওতায় এনে তাদের জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ নিতে হবে। সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের জীবনমান উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের অন্যতম ভিত্তি।
 

বক্তারা আরও বলেন, দেশকে এগিয়ে নিতে সর্বস্তরের মানুষের মধ্যে শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি সাক্ষরতা কার্যক্রমকে আরও গতিশীল করা প্রয়োজন।