ঢাকা প্রেস প্রতিবেদক
আগামী ৫ আগস্টকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং আওয়ামী লীগের নাশকতা চালানোর মতো সক্ষমতা এখন আর নেই।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
আগস্ট মাসকে কেন্দ্র করে আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের এত শক্তি বা সক্ষমতা আছে বলে তিনি মনে করেন না। দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং তারা বর্তমানে একটি মাফিয়াচক্রে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, বিদেশ থেকে বিচ্ছিন্ন কিছু তৎপরতার চেষ্টা দেখা গেলেও বাস্তবে নাশকতা চালানোর মতো পরিস্থিতি তাদের নেই।
মন্ত্রী জানান, ৫ আগস্টের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বিএনপির উদ্যোগে আয়োজিত একটি সভায় যুগপৎ আন্দোলনের শরিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেবেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে উপস্থিত থাকবেন বলেও তিনি জানান।
পুলিশকে বিশেষ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি নতুন কোনো নির্দেশনা নয়; বরং আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত নিরাপত্তা ব্যবস্থার অংশ। তিনি বলেন, দায়িত্ব পালনকালে কোনো যানবাহন অরক্ষিত না রাখা, টহল দলের সব সদস্য একসঙ্গে বিরতিতে না যাওয়া এবং প্রতিটি স্থানে সতর্ক অবস্থান বজায় রাখা পুলিশের স্বাভাবিক কার্যপদ্ধতি।
দুবাইয়ে জামিনে মুক্ত হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সরকার একযোগে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত একটি আইন প্রতিষ্ঠানকে আদালতের আদেশের সত্যায়িত অনুলিপি সংগ্রহ এবং বেনজীরের জামিন বাতিলের আবেদন দ্রুত দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁকে দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় নথিপত্রও প্রস্তুত করা হচ্ছে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, সরকারের কাছে তথ্য রয়েছে যে বেনজীর আহমেদের একাধিক দেশের পাসপোর্ট থাকতে পারে। বিষয়টি সরকারের আইনি কৌশল নির্ধারণে বিবেচনায় নেওয়া হচ্ছে।
উল্টো রথযাত্রার দিন মতিঝিল মেট্রোরেলের একটি পিলারের নিচে ছাতার ভেতরে আইইডি সদৃশ বস্তু উদ্ধারের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রথযাত্রা ও উল্টো রথযাত্রাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে দায়িত্ব পালন করেছে। ফলে পুরো আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, মতিঝিলে উদ্ধার হওয়া বস্তুটি এবং আশুলিয়ায় একই ধরনের আরেকটি ঘটনায় সম্ভাব্য কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে। কারও উদ্দেশ্য সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। উগ্রবাদ ও সাম্প্রদায়িক উসকানিমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিশেষায়িত দল সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে বলেও জানান তিনি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের বাংলাদেশ সফর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর সার্জিও গোর নিজেই বিবৃতি দিয়ে বাংলাদেশের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আরও অগ্রগতি অর্জন করবে।