আবদুল হাকিম রানা, চট্টগ্রাম দক্ষিণ:
চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃতী সন্তান অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নতুন উপাচার্য (ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে গত ২৭ জুলাই তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন।
অধ্যাপক ড. সায়েম বর্তমানে চুয়েটের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি চুয়েট শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বেও রয়েছেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক, একাডেমিক ও নীতিনির্ধারণী কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রকৌশলবিষয়ক সংস্থা ও পেশাজীবী সংগঠনের ফেলো এবং সদস্য হিসেবে যুক্ত রয়েছেন।
চট্টগ্রামের পটিয়া উপজেলার নাইখাইন গ্রামে ১৯৮০ সালের ২৬ অক্টোবর এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম। তাঁর বাবা মরহুম হাজী মুহাম্মদ আব্দুল্লাহ চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক উপ-কর কর্মকর্তা ছিলেন। মা হাজী চেমন আরা বেগম।
চুয়েটের যন্ত্রকৌশল বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করার পর ২০০৫ সালে একই বিভাগের প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন তিনি। প্রায় ২২ বছরের শিক্ষকতা জীবনে তিনি দক্ষতা, সততা ও গবেষণায় অবদানের জন্য সহকর্মী ও শিক্ষার্থীদের কাছে সুপরিচিত।
গবেষণা ক্ষেত্রে অধ্যাপক সায়েমের আগ্রহের বিষয়গুলোর মধ্যে রয়েছে স্টেম অ্যান্ড ইনোভেশন, পরিচ্ছন্ন ও টেকসই জ্বালানি, ডি-কার্বনাইজেশন, গ্রিন হাইড্রোজেন উৎপাদন ও সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি, এনার্জি কনভার্সন সিস্টেম, ওয়েস্ট-টু-এনার্জি, বায়োফুয়েল ও বায়োডিজেল এবং জলবায়ু পরিবর্তন। এসব বিষয়ে তাঁর একাধিক গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক ও দেশীয় স্বীকৃত জার্নালে প্রকাশিত হয়েছে এবং গবেষণাগুলো জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত হয়েছে। তাঁর তত্ত্বাবধান ও সহযোগিতায় অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন বিদেশে।
উচ্চশিক্ষার জন্য তিনি জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি (সিকিউ) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। পিএইচডি শেষে অস্ট্রেলিয়ার একটি খ্যাতনামা মাইনিং প্রতিষ্ঠানে মেকানিক্যাল ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে কাজের সুযোগ পেলেও দেশের প্রতি দায়বদ্ধতা থেকে তিনি দেশে ফিরে আসেন এবং শিক্ষকতাকেই পেশা হিসেবে বেছে নেন।
নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েম বলেন, “বিদেশে থেকে হয়তো ব্যক্তিগতভাবে আরও অনেক কিছু অর্জন করা সম্ভব ছিল। কিন্তু আমার অর্জন যদি শিক্ষার্থীদের কাজে না লাগে, যে বিশ্ববিদ্যালয় আমাকে পরিচিতি দিয়েছে তার জন্য যদি কিছু করতে না পারি, তাহলে সেই অর্জনের মূল্য নেই। আমি চুয়েটকে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে আরও এগিয়ে নিতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে চুয়েট পরিবারের সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।”