সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী বাসস্ট্যান্ড সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৫ জুন ২০২৬ ০৫:০৯ অপরাহ্ণ   |   ৪৬ বার পঠিত
সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী বাসস্ট্যান্ড সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দীর্ঘদিনের তীব্র যানজট সমস্যার স্থায়ী সমাধানে সায়েবাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল স্থানান্তরের কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

 

তৃতীয় দফার এই সভায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন ঢাকা মহানগরের দুই প্রশাসক।

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের যানজট পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নগর পরিবহন ব্যবস্থার সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

 

রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বাণিজ্যিক এলাকায় অবস্থিত সায়েদাবাদ, গুলিস্তান এবং মহাখালী বাস টার্মিনাল দীর্ঘদিন ধরে ঢাকার যানজটের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত।

 

এই জনদুর্ভোগের কারণে নগরীর ভেতর থেকে এসব টার্মিনাল পর্যায়ক্রমে সরিয়ে উপযুক্ত ও সুবিধাজনক স্থানে স্থানান্তরের বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

 

আজকের এই গুরুত্বপূর্ণ সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।