জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে শত শত শ্রমিক, চলছে মরিয়া উদ্ধার অভিযান

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ৩০ আগu ২০২৬ ০২:০১ অপরাহ্ণ   |   ৭১ বার পঠিত
জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে শত শত শ্রমিক, চলছে মরিয়া উদ্ধার অভিযান

আন্তর্জাতিক ডেস্ক:



নেপালে ত্রিশুলি নদীর তীরবর্তী একটি জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে আটকে পড়া শত শত শ্রমিককে উদ্ধারে জোরালো অভিযান চলছে। টানেলের ভেতরে কাদা ও পলি জমে যাওয়ায় উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে। জীবিত শ্রমিকদের সন্ধানে টানেলের ভেতরে বাতাস, আলো ও শব্দ পাঠানোর পাশাপাশি ম্যানহোল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

 

নেপালের ইন্ডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশটির বিভিন্ন জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত প্রায় ৯০০ শ্রমিকের এখনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ পর্যন্ত প্রায় ৩৬১ শ্রমিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
 

দেশটির জ্বালানি ও পানি সম্পদমন্ত্রী বিরাজ ভক্ত শ্রেষ্ঠ শনিবার গভীর রাতে জানান, বন্যার পানির প্রবল স্রোতে কাদা ও পলিতে চাপা পড়ে যায় ‘ত্রিশুলি-৩ এ’ জলবিদ্যুৎ প্রকল্প। সেখানে উদ্ধার অভিযানে কিছুটা অগ্রগতি হয়েছে।
 

উদ্ধারকারী দল খননযন্ত্র ব্যবহার করে টানেলের ভেতরে জমে থাকা কাদা ও পলি সরানোর চেষ্টা করছে। মন্ত্রী জানান, টানেলের ওপরের অংশ দিয়ে প্রায় ৬ ইঞ্চি ব্যাসের একটি গর্ত করা হয়েছে। প্রাথমিকভাবে ওই পথে টানেলের ভেতরে কোনো বড় ধরনের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়নি।
 

পরে ওই গর্ত দিয়ে টানেলের ভেতরে বাতাস, আলো ও শব্দ পাঠানো হয়। তবে এখন পর্যন্ত ভেতরে আটকে থাকা শ্রমিকদের কারও সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
 

মন্ত্রী বিরাজ ভক্ত শ্রেষ্ঠ বলেন, বিদ্যমান গর্তটি আরও বড় করে ম্যানহোল তৈরি করা হবে। রোববারের মধ্যে একাধিক পথ ব্যবহার করে মূল টানেলে পৌঁছানোর লক্ষ্য নিয়ে উদ্ধার অভিযান এগিয়ে নেওয়া হচ্ছে।
 

এর আগে গত শুক্রবার নেপাল সেনাবাহিনী একটি জলবিদ্যুৎকেন্দ্রের টানেল থেকে কয়েকজন শ্রমিককে উদ্ধারের ভিডিও প্রকাশ করে। ভিডিওতে দেখা যায়, ঘন কাদা পেরিয়ে কয়েকজন জীবিত শ্রমিক হামাগুড়ি দিয়ে টানেল থেকে বেরিয়ে আসছেন। ভিডিওটি রাসুওয়া জেলায় ধারণ করা হয়।
 

আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে আন্তর্জাতিক সহায়তাও চেয়েছে নেপাল সরকার। এ কাজে সহযোগিতার জন্য ভারত ও চীনের কাছে বিশেষজ্ঞ ও উদ্ধারকারী দল পাঠানোর অনুরোধ জানানো হয়। এরই মধ্যে শনিবার দুই দেশের উদ্ধারকারী দল নেপালে পৌঁছেছে এবং স্থানীয় উদ্ধারকর্মীদের সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করছে।