কুমিল্লা জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৩০ জনসহ মোট ১৮১ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বিভিন্ন থানা পুলিশের সমন্বয়ে জেলার বিভিন্ন স্থানে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। কিশোর গ্যাং, মাদক কারবারি, মাদকসেবী, ছিনতাইকারী এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, আটক ব্যক্তিদের প্রাথমিক যাচাই-বাছাই ও আইনগত প্রক্রিয়া শেষে ১২১ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অপর ৬০ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। তবে অভিযান পরিচালনার ক্ষেত্রে কোনো নিরীহ বা নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়ে কঠোর নজরদারি ও তদারকি করা হচ্ছে।
তিনি আরও জানান, অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।