রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে বিরতিহীনভাবে ভোট গ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচনের ভোট পরিচালনা করবেন।
সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী জোটের প্রার্থী হিসেবে একজনের নাম ঘোষণা করেছে। তবে নির্বাচনে জয়-পরাজয়ের সমীকরণে বিএনপির প্রার্থীর পাল্লা ভারী বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ক্ষমতাসীন বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী করার বিষয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে বলে দায়িত্বশীল সূত্র জানিয়েছে। বৃহস্পতিবার সকালে মনোনয়নপত্র জমা দেওয়ার আগে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে সংবিধান ও দলীয় কাঠামোর কারণে তাঁকে বিএনপির মহাসচিব এবং মন্ত্রিসভার দায়িত্ব ছাড়তে হবে। এতে একই সঙ্গে সরকার ও ক্ষমতাসীন দলে গুরুত্বপূর্ণ পদে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে।
দলীয় গঠনতন্ত্র অনুযায়ী, মহাসচিবের পদ শূন্য হলে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব নিতে পারেন। বিএনপি চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সপ্তম জাতীয় কাউন্সিল করার পরিকল্পনার কথা আগেই জানিয়েছে। ফলে কাউন্সিল পর্যন্ত রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করতে পারেন বলে দলীয় সূত্রের ধারণা।
রাষ্ট্রপতি পদে প্রার্থী নির্বাচন নিয়ে তপশিল ঘোষণার আগ থেকেই বিএনপির ভেতরে আলোচনা চলছে। শুরুতে একাধিক ব্যক্তির নাম আলোচনায় এলেও শেষ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীরই এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।
দলের স্থায়ী কমিটির দুই সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সর্বজনগ্রাহ্যতা, সাংবিধানিক দায়িত্ব পালনে সক্ষমতা এবং বিতর্কের ঊর্ধ্বে থাকার বিষয়গুলো বিবেচনায় নিয়েই রাষ্ট্রপতি প্রার্থী বাছাই করা হচ্ছে। এসব বিবেচনায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যোগ্য ও আস্থাভাজন প্রার্থী হিসেবে দলের অধিকাংশ নীতিনির্ধারক মনে করছেন।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ২৭ আগস্ট বসবে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ এ অধিবেশন আহ্বান করেছেন। রাষ্ট্রপতি নির্বাচন এবং সম্ভাব্য নতুন রাষ্ট্রপতিকে ঘিরে এরই মধ্যে সরকার ও বিএনপির ভেতরে নেতৃত্বের পরিবর্তনের সমীকরণও সামনে এসেছে।