রাষ্ট্রপতি নির্বাচন: যেভাবে হবে ভোট

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১২ আগu ২০২৬ ০১:০১ অপরাহ্ণ   |   ৫৭ বার পঠিত
রাষ্ট্রপতি নির্বাচন: যেভাবে হবে ভোট

ডেস্ক নিউজ, ঢাকা প্রেস

 

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে ভোট গ্রহণের প্রস্তুতি চূড়ান্ত করছে নির্বাচন কমিশন (ইসি) ও জাতীয় সংসদ সচিবালয়। আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে। নির্বাচনে সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে প্রকাশ্য ব্যালটে ভোট দেবেন।
 

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের মধ্যে যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ ভোটের স্থান, সময় ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানান।
 

তিনি বলেন, সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ভোট দেবেন। সহায়ক কর্মকর্তারা তাদের কাছে ব্যালট পেপার পৌঁছে দেবেন। ব্যালটে ভোটদাতার ক্রমিক নম্বর, নাম ও বিভক্তি নম্বরসহ প্রয়োজনীয় তথ্য থাকবে। নির্ধারিত অংশে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নামও উল্লেখ থাকবে।
 

ভোট দিতে সংশ্লিষ্ট সংসদ সদস্যকে পছন্দের প্রার্থীর নামের পাশে নির্ধারিত স্থানে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করতে হবে। এরপর তিনটি ব্যালট বাক্সের যেকোনো একটিতে ব্যালট পেপার জমা দেওয়া যাবে।
 

নির্ধারিত সময় বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। কোনো সংসদ সদস্য অনিবার্য কারণে কিছুটা দেরিতে উপস্থিত হলে, তাকে ভোট দেওয়ার সুযোগ দিতে নির্ধারিত সময় পর্যন্ত ভোট গ্রহণ অব্যাহত রাখা হবে।
 

অধিবেশন কক্ষেই হবে ভোট গণনা

ভোট গ্রহণ শেষে অধিবেশন কক্ষেই ব্যালট পেপার গণনা করা হবে। এ জন্য প্রয়োজনীয় কর্মকর্তা নিয়োগ করবে নির্বাচন কমিশন। মোট ব্যালট থাকবে ৩৪৯টি।
 

গণনা শেষে বৈধ ব্যালটের সংখ্যা এবং প্রত্যেক প্রার্থী কত ভোট পেয়েছেন, তা নির্ধারণ করা হবে। এরপর নির্বাচন কর্মকর্তা প্রাথমিক ফল ঘোষণা করবেন। পরে নির্বাচন কমিশন সচিবালয়ে ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।
 

ইসি সচিব জানান, রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন থেকে ২০ জন সহায়ক কর্মকর্তা-কর্মচারীর নাম সংসদ সচিবালয়ে পাঠানো হবে। তাদের জন্য পৃথক পরিচয়পত্রের ব্যবস্থা করা হবে। সংসদ সচিবালয় থেকেও প্রয়োজনীয় সংখ্যক সহায়ক কর্মকর্তা নিয়োগ করা হবে।
 

নির্বাচন কমিশনের কমিশনাররা ভোট গ্রহণে উপস্থিত থাকতে চাইলে তাদের নামও সংসদ সচিবালয়ে পাঠানো হবে বলে জানান তিনি।
 

দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ নেই

যৌথ সভা শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ এখনো সংশোধন করা হয়নি। ফলে কোনো সংসদ সদস্য নিজ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিতে পারবেন না। দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে তার সংসদ সদস্য পদ বাতিল হতে পারে।
 

রাষ্ট্রপতি নির্বাচনে কোনো সংসদ সদস্য বিরোধী দলের প্রার্থীকে ভোট দিলে সেটি ফ্লোর ক্রসিং হিসেবে গণ্য হবে কি না—এমন প্রশ্নের জবাবে ইসি সচিব আখতার আহমেদ বলেন, বিষয়টি রাজনৈতিক প্রশ্ন। এ বিষয়ে রাজনৈতিক নেতাদের কাছে জানতে হবে।
 

ভোট ও ফল ঘোষণা সরাসরি সম্প্রচার

চিফ হুইপ নূরুল ইসলাম মণি জানান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা এবং ভারপ্রাপ্ত স্পিকারের ভোট দেওয়ার সময় সরাসরি সম্প্রচার করা হবে। ভোট গ্রহণ শেষ হওয়ার পর ব্যালট গণনা থেকে শুরু করে ফলাফল ঘোষণা পর্যন্ত কার্যক্রমও সরাসরি সম্প্রচার করা যাবে।
 

এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আগামী ২৭ আগস্ট বসবে। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ এ অধিবেশন আহ্বান করেছেন।