উখিয়ায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ১৪ আগu ২০২৬ ০৪:৩২ অপরাহ্ণ   |   ৬৫ বার পঠিত
উখিয়ায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার:

 

কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালীতে ড্রেজার মেশিন দিয়ে প্রকাশ্যে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, পালংখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জয়নাল উদ্দিনের সংশ্লিষ্টতায় দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চলছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।


বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী অনুমোদন ছাড়া কিংবা নিষিদ্ধ এলাকায় বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। তবে আইন থাকা সত্ত্বেও উখিয়ার থাইংখালী এলাকায় প্রকাশ্যে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে।


স্থানীয় সূত্র জানায়, থাইংখালীর ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন তানজিমা খোলা এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। সরেজমিনে ওই এলাকায় ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলনের দৃশ্য দেখা গেছে বলে জানা গেছে।


স্থানীয়দের দাবি, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে খাল ও আশপাশের পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। বর্ষা মৌসুমে পানি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হয়ে জলাবদ্ধতা ও ভাঙনের ঝুঁকি বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন তারা।


নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, বালু উত্তোলনের বিষয়ে প্রকাশ্যে কথা বলতে গেলে ভয়ভীতি ও হুমকির আশঙ্কা রয়েছে। এ কারণে অনেকে পরিচয় প্রকাশ করে বক্তব্য দিতে চাইছেন না। তাদের দাবি, বিষয়টি তদন্ত করে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।


অভিযোগের বিষয়ে জানতে চাইলে সহকারী বন সংরক্ষক ও উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম বলেন, সাবেক ইউপি সদস্য জয়নাল উদ্দিনের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারও জানান, অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


এদিকে, স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ড্রেজার দিয়ে বালু উত্তোলন চললেও তা বন্ধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। সচেতন মহলের দাবি, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে দ্রুত অভিযান পরিচালনা করে দায়ীদের আইনের আওতায় আনা প্রয়োজন।


অন্যদিকে, অভিযোগের বিষয়ে সাবেক ইউপি সদস্য জয়নাল উদ্দিনের বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং সংবাদ প্রকাশ করা হলে প্রাণনাশের হুমকি দিয়েছেন বলে সংশ্লিষ্ট সাংবাদিক অভিযোগ করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে জয়নাল উদ্দিনের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।