অপহরণের পর হত্যা: নিহত শিশু জায়হানের পরিবারের পাশে এনসিপি নেতা সাজ্জাদ

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ জুন ২০২৬ ১২:৩২ অপরাহ্ণ   |   ৪০ বার পঠিত
অপহরণের পর হত্যা: নিহত শিশু জায়হানের পরিবারের পাশে এনসিপি নেতা সাজ্জাদ

আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:

 

পটিয়ায় অপহরণের পর মুক্তিপণ দাবির ঘটনায় নির্মম হত্যাকাণ্ডের শিকার পাঁচ বছর বয়সী শিশু মো. জায়হানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম সমন্বয়কারী মো. সাজ্জাদ হোসেন।
 

শুক্রবার (১৯ জুন) সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি পটিয়া পৌরসভার দক্ষিণ গোবিন্দারখীল পূর্বপাড়া এলাকায় নিহত জায়হানের কবর জিয়ারত করেন। পরে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা জানান।
 

পরিবারের সদস্যদের কাছ থেকে ঘটনার বিস্তারিত শুনে মো. সাজ্জাদ হোসেন বলেন, শিশু হত্যার মতো নৃশংস ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি বলেন, “এ ধরনের জঘন্য অপরাধে কোনো ধরনের ছাড় দেওয়া উচিত নয়। সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করাই ন্যায়বিচারের প্রথম শর্ত।”
 

তিনি আরও বলেন, সমাজে ক্রমবর্ধমান অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিহত জায়হানের পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে প্রয়োজনীয় আইনি সহায়তার আশ্বাস দেন তিনি।
 

জানা যায়, গত মঙ্গলবার পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ গোবিন্দারখীল এলাকা থেকে শিশু জায়হান নিখোঁজ হয়। পরে পরিবারের কাছে মুক্তিপণ দাবিতে একটি চিঠি পাঠানো হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ইতোমধ্যে একাধিক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 

মর্মান্তিক এ হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
 

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা জাতীয় ছাত্রশক্তির জেলা সংগঠক আশরাফুল ইসলাম তক্কীর, রবিউল ইসলাম, মিশকাতসহ পটিয়া উপজেলা এনসিপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।