গোপালগঞ্জে সাঁড়াশি অভিযান: অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, জরিমানা ৭ লাখ টাকা

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ০৫ মে ২০২৬ ১১:৪৪ অপরাহ্ণ   |   ৬২ বার পঠিত
গোপালগঞ্জে সাঁড়াশি অভিযান: অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, জরিমানা ৭ লাখ টাকা

গোপালগঞ্জ প্রতিনিধি: 

 

গোপালগঞ্জ সদর উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা দুটি ইটভাটার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৫ মে ২০২৬) দিনব্যাপী এ অভিযানে ভাটা দুটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং মালিকদের কাছ থেকে মোট ৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

 

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, সদর উপজেলার ডোমরাসুর গ্রামের ‘ফুলমালা ব্রিকস’-কে ৪ লাখ টাকা এবং গোলাবাড়ীয়া গ্রামের ‘নিগি ব্রিকস’-কে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন অমান্য করে দীর্ঘদিন ধরে এসব ভাটা পরিচালিত হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।

 

অভিযানের সময় প্রশাসন তাৎক্ষণিকভাবে ভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। পরে স্কেভেটর ও পেলোডারসহ ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ভাটার মূল কাঠামো (কিলন) গুঁড়িয়ে দেওয়া হয়, ফলে ইটভাটা দুটির কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ হয়ে যায়।

 

জেলা প্রশাসনের মিডিয়া সেল জানায়, জনস্বাস্থ্য সুরক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং কোনো অবৈধ ইটভাটাকে ছাড় দেওয়া হবে না।

 

মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মনিরুজ্জামান শেখ। এ সময় সহকারী পরিচালক মাহফুজুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আইন-শৃঙ্খলা রক্ষা ও কারিগরি সহায়তায় অভিযানে অংশ নেয় জেলা পুলিশ, আনসার বাহিনী ও ফায়ার সার্ভিস।

 

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন ভঙ্গ করে কোনো ধরনের শিল্প কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না।