আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন

  প্রিন্ট করুন   প্রকাশকালঃ ২০ জুন ২০২৬ ০৬:১৬ অপরাহ্ণ   |   ৩৮ বার পঠিত
আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন

যুবসমাজের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, “জুলাই বিপ্লবের মাধ্যমে আপনারা ফ্যাসিবাদকে বিদায় করেছেন। এখন নব্য ফ্যাসিবাদকে বিদায় জানাতে প্রয়োজন হলে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন।”

 

শনিবার বিকেলে খুলনা সার্কিট হাউজ মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কড়া বার্তা দেন।

 

ডা. শফিকুর রহমান বলেন, “জনগণের দেওয়া গণভোটের রায় ও জুলাই সনদের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সংসদে এই বিষয়ে সমাধান না হলে দেশের বিভিন্ন অঞ্চলে জনগণের কাছে গিয়ে আমাদের অবস্থান তুলে ধরব।”

 

তিনি আরও যোগ করেন, যেখানে কথা বলতে স্পিকারের অনুমতি প্রয়োজন হয় না, সেখানে তারা সরাসরি জনগণের সঙ্গে কথা বলবেন।

 

বিরোধীদলীয় এই নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের মানুষ বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশায় পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছিল, কিন্তু জনগণের সেই প্রত্যাশা এখনও পূরণ হয়নি।

 

আমরা দেশে কোনো বিশৃঙ্খলা চাই না উল্লেখ করে ড. শফিকুর রহমান বলেন, “কিন্তু অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব ও আধিপত্যবাদের কাছে মাথা নত করব না।”

 

সীমান্ত পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি স্পষ্ট জানান, বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার প্রশ্নে দেশের জনগণ ও আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করবে এবং কোনো বিদেশি আগ্রাসনের সামনে বাংলাদেশ মাথা নত করবে না।

 

গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

 

বিশেষ অতিথি হিসেবে সমাবেশে আরও বক্তব্য দেন কর্নেল (অব.) ড. অলি আহমদ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক।

 

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, “গণভোটে জনগণ যে সংস্কার প্রস্তাবের পক্ষে মত দিয়েছে, সরকার তা বাস্তবায়নে অনীহা দেখাচ্ছে।”

 

মাওলানা মামুনুল হক তার বক্তব্যে দাবি করেন, জুলাই সনদ ও গণভোটের প্রশ্নে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং তারা গণভোটে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে।

 

সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই- রাষ্ট্র সংস্কারের বাস্তবায়ন, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা।