মাধবপুরে জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নজির মিয়া, মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে জশনে জুলুস ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী দিনের মহাসমাবেশকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে বুধবার (৪ আগস্ট) সকাল ১০টায় উপজেলার এজহারিয়া ইউনুসিয়া ইউসুফিয়া জাকারিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের পীর আলহাজ্ব সৈয়দ জিয়াউল কামাল (জাকারিয়া)-এর নেতৃত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সম্পাদক ও দাওয়াতি ঈমানি বাংলাদেশের চেয়ারম্যান মুফতি গিয়াস উদ্দিন আত-তাহেরী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফান্দাউক দরবার শরীফের শাহজাদা সৈয়দ আবু বক্কর সিদ্দিক, গুনিয়ার দরবার শরীফের গদ্দীনশীন সৈয়দ আব্দুল আউয়াল বুলবুল চিশতী, সৈয়দ সাদী চিশতী এবং বিশিষ্ট ইসলামী বক্তা ক্বারী মিজানুর রহমান আজিজি।
এছাড়াও মাধবপুর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ, পৌর শাখার সাধারণ সম্পাদক জনাব ছোট্ট মিয়া, যুবসেনা ও ছাত্রসেনার নেতাকর্মীসহ বিভিন্ন দরবারের আশেকান-ভক্তবৃন্দ এবং এলাকার বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি এতে অংশ নেন।
সভায় বক্তারা বলেন, "সবার আগে ঈমান, সবার আগে নবী (সা.)। মহান আল্লাহ তাআলা মানবজাতির হেদায়াতের জন্য সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা.)-কে বিশ্বজগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। তাই ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আনন্দ প্রকাশ করা, তাঁর সুমহান আদর্শ অনুসরণ করা এবং জশনে জুলুসে অংশগ্রহণ করা প্রতিটি মুমিনের ঈমানি ভালোবাসারই বহিঃপ্রকাশ।" তারা আরও উল্লেখ করেন যে, এই মহাসমারোহ আমাদের আত্মশুদ্ধি, ভ্রাতৃত্ববোধ ও সুন্নাতের শিক্ষা দেয়। একইসাথে আগামী জশনে জুলুসে সর্বস্তরের তৌহিদী জনতাকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার উদাত্ত আহ্বান জানান বক্তারা।
সভা শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং ঈদে মিলাদুন্নবী (সা.)-এর সকল কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ার কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬