|
প্রিন্টের সময়কালঃ ১৩ জুলাই ২০২৬ ১১:০৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ জুলাই ২০২৬ ০৪:২৩ অপরাহ্ণ

সবাইকে নিয়ে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান


সবাইকে নিয়ে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়াই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী তারেক রহমান


গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

 

বরিশালের গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচি ও মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবাই যাতে বাংলাদেশে ভালোভাবে বসবাস করতে পারে, সেটিই বর্তমান সরকারের রাজনীতি। সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ, সম্প্রীতিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।
 

সোমবার সকালে গৌরনদী উপজেলার বাটাজোড়-সরিকল খালের পুনঃখনন-পরবর্তী দুই পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার পর বাটাজোড় অশ্বিনীকুমার মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সরিকল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাত শতাধিক ফ্যামিলি কার্ডধারী নারীর সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।
 

প্রধানমন্ত্রী বলেন, “সবাই যাতে বাংলাদেশে ভালোভাবে চলতে পারে, সেটিই আমাদের রাজনীতি। আমরা সবাইকে নিয়ে শান্তিতে এগিয়ে যেতে চাই। ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এবং ‘করব কাজ, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে।”
 

তিনি বলেন, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। নিম্নআয়ের মানুষের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি আরও কার্যকর ও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।
 

নারী শিক্ষার প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, দেশের প্রতিটি মেয়ের শিক্ষার অধিকার নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। স্নাতক (ডিগ্রি) পর্যন্ত মেয়েদের বিনা মূল্যে শিক্ষার সুযোগ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, যাতে অর্থাভাবে কোনো শিক্ষার্থী পড়াশোনা থেকে ঝরে না পড়ে।
 

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, মুসলিম, হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ—সব ধর্মের মানুষকে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে। ধৈর্য, সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই কাঙ্ক্ষিত বাংলাদেশ নির্মাণ সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
 

এর আগে সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর গৌরনদীতে পৌঁছালে বরিশাল-ঢাকা মহাসড়কের প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সড়কের দুই পাশে অবস্থান নেওয়া স্থানীয় বাসিন্দা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ জাতীয় ও দলীয় পতাকা নেড়ে ও স্লোগানের মাধ্যমে তাকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।
 

সকাল সাড়ে ১০টার দিকে বাটাজোড়-সরিকল খালের পাড়ে পৌঁছে তিনি তিনটি গাছের চারা রোপণ করেন। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে খালের দুই পাড়ে বিভিন্ন প্রজাতির মোট দুই হাজার ৫০০টি গাছের চারা রোপণ কর্মসূচিতে অংশ নেন।
 

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধানমন্ত্রী বলেন, শুধু গাছ লাগালেই হবে না, প্রতিটি গাছের যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। পরিবেশ সংরক্ষণ, জলবায়ুর ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই। এ সময় তিনি দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
 

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর গৌরনদীতে এটিই তারেক রহমানের প্রথম সফর। এর আগে ২০০৩ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে রাজনৈতিক কর্মসূচিতে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন এলাকায় সফর করেছিলেন তিনি।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬