গোল্ডেন বুটের দৌড়েও সবার উপরে মেসি
জর্ডানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে গোল করে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে উঠে এসেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। একই সঙ্গে গোল্ডেন বুট জয়ের লড়াইয়েও সবচেয়ে এগিয়ে রয়েছেন তিনি।
এবারের আসরে এখন পর্যন্ত মেসির গোলসংখ্যা দাঁড়িয়েছে ৬। তার ঠিক পেছনেই ৪টি করে গোল নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন ফ্রান্সের উসমান দেম্বেলে ও কিলিয়ান এমবাপ্পে। এছাড়া ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র এবং নরওয়ের আর্লিং হালান্ডও ৪টি করে গোল করেছেন। নরওয়ের বিপক্ষে দেম্বেলে হ্যাটট্রিক করে আলোচনায় আসেন।
গ্রুপ ‘জে’-তে আর্লিংটনে জর্ডানের বিপক্ষে ম্যাচে পেনাল্টি বক্সের বাইরে থেকে দৃষ্টিনন্দন ফ্রি কিকের গোলে ব্রাজিলের কিংবদন্তি রিভেলিনোর দীর্ঘদিনের বিশ্বকাপের একটি রেকর্ড ভেঙে দেন মেসি।
এই গোলের মাধ্যমে আটবারের ব্যালন ডি'অরজয়ী তারকার বিশ্বকাপে মোট গোলসংখ্যা দাঁড়ায় ১৯। ফলে বিশ্বকাপে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করেন তিনি।
এছাড়া ১৯৯৮ সালে বর্তমান গ্রুপ পর্বের বিন্যাস চালুর পর বিশ্বকাপের একটি আসরের তিনটি গ্রুপ ম্যাচেই গোল করা চতুর্থ ফুটবলার হিসেবে ইতিহাসে নাম লেখান মেসি। এর আগে এই কীর্তি গড়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো (২০১৮), ডেভিড ভিয়া (২০১০) এবং ফার্নান্দো তোরেস (২০১০)।
জর্ডানের বিপক্ষে জয়টি আর্জেন্টিনার জন্যও একটি বড় মাইলফলক। এই জয়ের মাধ্যমে ফিফা বিশ্বকাপে নিজেদের ৫০তম জয় তুলে নেয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ব্রাজিল ও জার্মানির পর তৃতীয় দেশ হিসেবে এই অর্জনের কৃতিত্ব দেখাল আর্জেন্টিনা।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬