পটিয়ায় উৎসবমুখর পরিবেশে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
আবদুল হাকিম রানা, বিশেষ প্রতিনিধি, দক্ষিণ চট্টগ্রাম:
সমবায়ের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের প্রত্যয় নিয়ে চট্টগ্রামের পটিয়ায় পালিত হয়েছে ৫৫তম জাতীয় সমবায় দিবস।
‘করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে শনিবার (৭ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সমবায় আন্দোলনের গুরুত্ব, সম্ভাবনা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে এর ভূমিকা নিয়ে আলোচনা করেন বক্তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা শফিউল আজম। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন।
এতে বক্তব্য দেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) যুযুৎসু চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জয়ীতা বসু, সহকারী তথ্য কর্মকর্তা মো. রহমতুল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তফা মো. রেজাউল বারী এবং সমবায়ীদের পক্ষে জয়নাল আবেদীন ও রীতা দে। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আইসিটি কর্মকর্তা তন্ময় দাশ।
বক্তারা বলেন, সমবায় কেবল একটি আর্থিক সংগঠন নয়, এটি পারস্পরিক আস্থা, ঐক্য ও সম্মিলিত উন্নয়নের শক্তিশালী মাধ্যম। সমবায়ের মূল দর্শন হচ্ছে একতাই শক্তি, সম্মিলিত উদ্যোগেই সমৃদ্ধি। দেশের প্রান্তিক জনগোষ্ঠী, ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক ও সাধারণ মানুষের অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে সমবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তারা আরও বলেন, সমবায়ভিত্তিক উদ্যোগকে আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনার আওতায় আনতে হবে। প্রকৃত সমবায় চর্চার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সম্ভব।
বক্তারা সমবায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ব্যক্তিগত উদ্যোগের সঙ্গে সম্মিলিত শক্তির সমন্বয় ঘটাতে পারলেই গড়ে উঠবে স্বনির্ভর সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ।
আলোচনা সভায় সমবায় আন্দোলনের অগ্রযাত্রা অব্যাহত রাখা এবং ‘সবার জন্য বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬